জাহাজের ক্রু খুন—থাইল্যান্ডের সেই যুবক ধরা

আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের নাগরিক নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে ওই জাহাজ থেকে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামের অভিযুক্ত ক্রুকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

জানা যায়, গ্রেপ্তার তুরাকর্ন বুরুসিক থাইল্যান্ডের নাগরিক।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারার উপকূল বঙ্গোপসাগরে নোঙর করা বিদেশি জাহাজে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে তুরাকর্ন বুরুসিকের ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামের এক ক্রু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। থাইল্যান্ডের এ নাগরিক এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, পতেঙ্গা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সকালে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm