আনোয়ারায় মাদক বেচতে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি নুরুল হাশেম (২৫) ধরা পড়েছে।
রোববার (১৭ মে) রাতে বারখাইন ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল হাশেম উপজেলার ৪নং ওয়ার্ডের শিলাইগড়া গ্রামের সৈয়দ নূরের বাপের বাড়ীর মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, রোববার (১৭ মে) বিকেলে ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে গ্রেপ্তার নুরুল হাশেমসহ অন্যান্যদের মাদক বেচতে বাধা দেন স্থানীয়রা। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দেলোয়ার হোসেন সামিমকে (১৮) ছুরিকাঘাত করে মাদক বিক্রেতারা। এ ঘটনায় আহত সামিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগ পাওয়ার পর এদিন রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে আজ (১৮ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


