কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলা কেটে খুন করায় মো. রাশেদ (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২টায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের ছেলে। নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়েরের মেয়ে।
আরও পড়ুন : উখিয়ায় ইউপি সদস্য খুন, মামলায় সেই আসামিরা
বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু বলেন, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলা কেটে হত্যার চেষ্টা করেন স্বামী রাশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল আকতার। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
তিনি বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেওয়া হয়।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি/আরবি


