উখিয়ায় ইউপি সদস্য খুন, মামলায় সেই আসামিরা

কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্য কামাল হোসেনকে নৃশংসভাবে খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নিহত কামালের ভাই শাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করেন। মামলায় নাম উল্লেখ থাকা ৮ জনের মধ্যে ৬ জনই ২০১৯ সালের ২৭ জুলাই খুনের শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি।

মামলার আসামিরা হলেন— আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মো. রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। অভিযুক্ত সবাই উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : রাউজানে ফিল্মি স্টাইলে খুন যুবদল নেতা, খুনিরা এসেছিল বোরকা পরে

গত ৮ জুলাই জালিয়াপালং ইউনিয়নের মনখালীর একটি ছরা থেকে কামালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কামাল হোসেন ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন দুপুরে স্থানীয়রা মনখালী খালে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে শ্বাসরোধ ও গলা ভেঙে খুন করা হয়েছে। এর পেছনে পারিবারিক পূর্ব বিরোধ ও রাজনৈতিক শত্রুতা কাজ করেছে।

নিহতের ভাই শাহাব উদ্দিন বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। সে সাধারণ মানুষের জন্য কাজ করত। এই হত্যাকাণ্ড একদম পরিকল্পিত। আমরা ন্যায়বিচার চাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মামলার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আরিফ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিডি/আরবি

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm