মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে গেছে। এতে চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শত শত যানবাহন। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথেও দেখা দিয়েছে নিরাপত্তাঝুঁকি, বলছেন স্থানীয়রা।
জানা গেছে, রোববার (১৭ মে) সকালে অজ্ঞাত পিকআপের ধাক্কায় রেলক্রসিংয়ের ব্যারিয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কা দিয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। দায়িত্বে থাকা গেটম্যানরা গাড়িটিকে আটক কিংবা শনাক্ত করতে পারেননি।
স্থানীয়রা জানান, দেশের অন্যতম ব্যস্ত এই ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টিরও বেশি ট্রেন চলাচল করে। কিন্তু ব্যারিয়ার অকেজো হয়ে পড়ায় বর্তমানে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন পারাপার চলছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম রেলপথেও দেখা দিয়েছে নিরাপত্তাঝুঁকি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ব্যারিয়ার ভেঙে যাওয়ার বিষয়টি রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগকে জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে ফেনী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সুজন ভট্টাচার্য বলেন, ট্রাকের ধাক্কায় ব্যারিয়ারটি দুই টুকরা হয়ে গেছে। ফলে আপাতত এটি অকেজো রয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে পুনরায় ব্যারিয়ার সচল করার চেষ্টা চলছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


