পটিয়ায় ছিনতাই করে পার পেল না ছিনতাইকারি মো. খোরশেদ (২৬)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোন। একইসঙ্গে জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত স্টিলের ছুরি ও অটোরিকশা।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া উপজেলার গৈরালাটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি চলন্ত অটোরিকশায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটোরিকশায় থাকা তিন ছিনতাইকারী ইন্দ্রপোল এলাকার একটি লবণ ফ্যাক্টরির শ্রমিক শাহনাজ আক্তার এ্যানির (২২) গলায় ছুরি ঠেকিয়ে তার মুঠোফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভিকটিমকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং পটিয়া থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের উপপরিদর্শক আনবিক চাকমা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানের একপর্যায়ে একইদিন রাত নয়টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ধরপাড়া এলাকা থেকে নাটের গুরু খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ী এলাকার মৃত পিয়ার আহাম্মদের ছেলে।
এদিকে গ্রেপ্তারের পর খোরশেদের কাছ থেকে লুট করা মুঠোফোন, ছিনতাইয়ে ব্যবহৃত স্টিলের ছুরি ও অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার (১৬ মে) পটিয়া থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানতে চাইলে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


