স্কুলের বাথরুমের পাশে ছাত্রীকে স্পর্শ—অবশেষে ধরা খেল সেন্ট স্কলাস্টিকার সেই শিক্ষক

চট্টগ্রাম নগরের সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন পলাতক শিক্ষক সুরজিত পাল (৩৩)।

নগরের কাজির দেওড়ি এলাকা থেকে সোমবার (২৪ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক।

শিক্ষক সুরজিত পাল কোতোয়ালী থানার রহমতগঞ্জের বাংলা কলেজের পাশের গলির ইউনিটি গ্রিন বিল্ডিংয়ে থাকতেন।

এর আগে ১১ জুন সকালে একই স্কুলের দুশিক্ষকের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। ওইদিন শিক্ষক রাকিব উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আরও পড়ুন : স্কুলের বাথরুমের পাশে ছাত্রীকে ভয় দেখিয়ে স্পর্শ—সেন্ট স্কলাস্টিকার শিক্ষক গ্রেপ্তার, অন্যজন পলাতক

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাকিব উদ্দিন চতুর্থ শ্রেণির বিজ্ঞান বিষয়ে এবং সুরজিত পাল পঞ্চম শ্রেণির ক্লাস নেন। সেই সুবাধে ২০২৩ সাল থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে পরিচয় দুজনের। সেসময় থেকে দুশিক্ষক স্কুলের ষষ্ঠ তলার বাথরুমের পাশে নিয়ে ওই শিক্ষার্থীকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেন। পরে আবার এসব কাউকে বলতেও নিষেধ করতেন। কথার হেরফের হলেই ওই শিক্ষার্থীকে ক্লাসে বকা দিতেন এবং পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আজেবাজে কথা বলতেন।

গত ৯ জুন স্কুলের টিফিন বিরতিতে ভুক্তভোগী শিক্ষার্থীকে শিক্ষক রকিব উদ্দিন ও সুরজিত ষষ্ঠ তলার টয়লেটের পাশে নিয়ে শ্লীলতাহানি করেন। এসময় ভিকটিম শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তাকে হুমকি ও ভয় দেখিয়ে চলে যান দুজন।

পরে স্কুল ছুটি শেষে বাসায় এসে পরিবারের সদস্যদের ঘটনার বিস্তারিত জানায় ওই শিক্ষার্থী। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযুক্ত দুশিক্ষকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm