চট্টগ্রাম নগরের সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুশিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে রাকিব উদ্দিন (৩৫) নামে অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) সকালে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
গ্রেপ্তার শিক্ষক রাকিব উদ্দিন নগরের বাকলিয়ার রাহাত্তারপুল কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। অপর শিক্ষক সুরজিত পাল (৩৩) কোতোয়ালী থানার রহমতগঞ্জের বাংলা কলেজের পাশের গলির ইউনিটি গ্রিন বিল্ডিংয়ে থাকেন।
আরও পড়ুন : চট্টগ্রামে ছাত্রীকে অচেতন করে ধর্ষণ—সরকারি স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, স্কুলের দুশিক্ষকের নাম উল্লেখ করে ছাত্রীর মা মামলা করেছেন। এদের মধ্যে রাকিবকে গ্রেপ্তার করেছি। সুরজিত পলাতক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাকিব উদ্দিন চতুর্থ শ্রেণির বিজ্ঞান বিষয়ে এবং সুরজিত পাল পঞ্চম শ্রেণির ক্লাস নেন। সেই সুবাধে ২০২৩ সাল থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে পরিচয় দুজনের। ওইসময় থেকে দুশিক্ষক স্কুলের ষষ্ঠ তলার বাথরুমের পাশে নিয়ে ওই শিক্ষার্থীকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেন। পরে আবার এসব কাউকে বলতেও নিষেধ করতেন। কথার হেরফের হলেই ওই শিক্ষার্থীকে ক্লাসে বকা এবং পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আজেবাজে কথা বলতেন।
গত ৯ জুন স্কুলের টিফিন বিরতিতে ভুক্তভোগী শিক্ষার্থীকে শিক্ষক রকিব উদ্দিন ও সুরজিত ষষ্ঠ তলার ওই টয়লেটের পাশে নিয়ে শ্লীলতাহানি করেন। এসময় ওই শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যান দুজন। পরে স্কুল ছুটি শেষে বাসায় এসে পরিবারের সদস্যদের বিস্তারিত জানায় ওই শিক্ষার্থী। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর মা দুশিক্ষকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয় গত ৯ জুন।
আরএস/আরবি


