মিরসরাইয়ে বাবাকে মেরে ফেলল ছেলে, বাঁচাতে গিয়ে রক্তাক্ত মা

মিরসরাইয়ে বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে মাদকাসক্ত ছেলে। স্বামীকে বাঁচাতে গিয়ে ছেলের লাঠির আঘাতে আহত হয়েছেন মা-ও।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে (৩৫) আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত ব্যক্তির নাম আবু আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার ডিলারের বাড়ি মৃত নুরু ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু আহমদ ডিলার পেশায় কৃষক। অসুস্থতার কারণে তিনি আগের মতো কাজকর্ম করতে পারেন না। ছেলে ইব্রাহিম হোসেন মিলন স্থানীয় বাজারে বাঁশ বিক্রি ও বিভিন্ন কাজ করে সংসারের হাল ধরেন। দীর্ঘদিন ধরে ইব্রাহিম মাদকাসক্তির কারণে বেপরোয়া জীবনযাপন শুরু করেন। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্তর অভিযোগ রয়েছে।

শুক্রবার রাতে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবার সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবার ওপর হামলা চালায়। লাঠির আঘাতে গুরুতর আহত হন আবু আহমদ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছোট ভাই শাহ আলম বলেন, ছেলের মাদকাসক্তি ও আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন ভাই। এর আগেও বেশ কয়েকবার ইব্রাহিম তার বাবাকে মারধর করে। শুক্রবার রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় লাঠি নিয়ে হামলা করে। স্বামীর চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।

জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, করেরহাটে পারিবারিক কলহের জেরে আবু আহমদ ডিলারকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে রাতে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। ছেলেটি মাদকাসক্ত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm