লোহাগাড়ায় অপহৃত শিক্ষক মুক্ত, যেভাবে ধরা খেল ২ অপহরণকারী

লোহাগাড়ায় অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়েছেন স্কুলশিক্ষক স্বরুপ কান্তি দাশ (৫০)। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। এ সময় অপহরণে ব্যবহৃত ছুরি, গামছা, পাঁচ লাখ টাকার একটি চেকসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বরুপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম নগরের চকবাজারে স্বপরিবারে বসবাস করেন।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, রোববার সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো লোহাগাড়ার কর্মস্থলের উদ্দেশ্যে নগরের বাসা থেকে বের হন স্বরুপ কান্তি দাশ। সকাল আনুমানিক ৯টায় তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষক স্বরুপের মুঠোফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। পাশাপাশি স্বামীকে জীবিত ফেরত চাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে খুন করার হুমকিও দেয় অপহরণকারীরা।

পরবর্তীতে কয়েক দফায় ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। পরিবারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলে।

এদিকে জেলী চৌধুরী এ ব্যাপারে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করলে স্বরুপ কান্তি দাশকে উদ্ধারে তৎক্ষণাৎ অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান শনাক্ত করে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের আলী সিকদারপাড়ার নেজাম উদ্দিন (৪৮)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন আগে স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাড়ায় একটি অটোরিকশা নিয়ে শিক্ষককে অপহরণের পরিকল্পনা করেন বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছেন।

জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm