এক ট্রাকের হঠাৎ ব্রেকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত—রক্তাক্ত ২

মিরসরাইয়ে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় মো. মিলন (২০) নামের ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও এক সহকারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন পেছনের ট্রাকটির চালকের সহকারী ছিলেন। আহতরা হলেন— ট্রাক চালক মানিক (৩৫) এবং হেলপার বিল্লাল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও দুই সহকারী কেবিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই সহকারী মিলনের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

যোগাযোগ করা হলে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম হাইওয়ে পুলিশের সহায়তায় কেবিনে আটকে থাকা চালক ও সহকারীদের উদ্ধার করে। পরে আহতদের প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মিলনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm