রাউজানে ফিল্মি স্টাইলে দিনদুপুরে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

রাউজানে ফিল্মি স্টাইলে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে অটোরিকশায় থাকা নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়ার ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া ইসমাইল সওদাগর বাড়ির সামশুন নাহার (৫০) জমি রেজিস্ট্রারির জন্য টাকা নিয়ে অটোরিকশায় রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিস যাচ্ছিলেন। তিনি উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়ার ডিসি সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা ছয় ছিনতাইকারী তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, ১টি মুঠোফোন এবং অটোরিকশা চালকের মুঠোফোন ও অটোরিকশার চাবি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা মো.জসিম উদ্দিন বলেন, আমি আসার পাঁচ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়? তিনি ওই নারীর টাকা উদ্ধারে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

এদিকে ভুক্তভোগী নারী সামশুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে আর ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় অভিযোগ দায়ের করেছি।

সামশুন নাহারের ছেলে প্রবাসী মো.আরিফ বলেন, পৌর সদরের চারাবটতল এলাকায় চার গণ্ডা জমি কেনার জন্য মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় দাম ঠিক হয়। আমরা পাঁচ লাখ টাকা বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা এবং দলিল লেখক সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগে মোটরসাইকেল চালিয়ে রাউজান সাব রেজিস্ট্রার অফিসে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে সহযোগিতা চাই।

জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত ছিনতাইকারীরা আটক হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm