মিরসরাইয়ের ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থসহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে যশোর জেলার সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রায়হান (৫২) এবং একই জেলার অবনয়গর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তারা তেলবাহী ট্যাঙ্কারের চালক।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা দুটি তেলবাহী ট্যাঙ্কার (যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯) আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৫০ লাখ টাকার রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার গাড়ির চালকদের আইনি প্রক্রিয়া শেষে আদালত পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


