কানে শুনতেন না রশিদ, রেললাইনের পাশ ধরে হাঁটতে গিয়ে দেহ ছিন্নভিন্ন

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা। তিনি শ্রবণপ্রতিবন্ধী বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পার্শ্ববর্তী মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন রশিদ আহমদ। তিনি কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের পাশ ধরে হেঁটে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি কানে শুনতেন না। বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় পৌঁছালে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে তার খণ্ডিত লাশ উদ্ধার করেন।

যোগাযোগ করা হলে বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেকুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হয়েছেন। তিনি আমার এলাকার বাসিন্দা। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm