পেকুয়ায় লবণচাষিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে গেল মোটরসাইকেল ও ছোরা ফেলে

কক্সবাজারের পেকুয়ায় জহির আলম (৪৫) নামের এক লবণচাষিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ছোরা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল ও ছোরাটি জব্দ করেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত জহির আলমকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি লালজানপাড়ার বজল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাখালী ইউনিয়নের রব্বত আলীপাড়ার সালাহ উদ্দিনের সঙ্গে জহির আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন দুপুরে সালাহ উদ্দিনসহ কয়েকজন মোটরসাইকেলে এসে জহির আলমের বাড়ির সামনেই হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল ও ছোরা ফেলে পালিয়ে যান।

আহত জহির আলম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি মাথাখিলা এলাকার একটি জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি সালাহ উদ্দিন ওই জমি জবরদখলের চেষ্টা করেন। এমনকি সেখানে গাছ ও টিন দিয়ে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। তবে বাধার মুখে নির্মাণসামগ্রী ফেলে তারা চলে যান।

তিনি আরও বলেন, এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বৈঠক হয়েছে। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জমি পরিমাপের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থাপনা নির্মাণের জন্য আনা মালামাল নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সোমবার সকালে সালিশকারীদের মাধ্যমে কিছু মালামাল সরিয়েও নেওয়া হয়েছিল।

জানতে চাইলে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) যতীন্দ্র আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার দুই পক্ষকে নিয়ে থানায় বৈঠক হয়েছিল। সেখানে বিরোধের সমাধানও করা হয়েছে। এরপরও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। তিনি হাসপাতালে গিয়ে আহত জহির আলমকে দেখেছেন বলে জানান।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm