চট্টগ্রাম কলেজে রসায়ন অলিম্পিয়াড ৩১ অক্টোবর, ৪ প্রতিযোগী যাবে তাইওয়ান

 

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, বিজ্ঞানকে জানা ও বাস্তব জীবনে প্রয়োগের আগ্রহ তৈরি করতে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে রসায়ন অলিম্পিয়াড। শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিবে প্রায় দেড় হাজার শিক্ষার্থী। এখান থেকে নির্বাচিত অন্তত চার প্রতিযোগী তাইওয়ানে অলিম্পিয়াডের বিশ্ব আসরে (১৯ জুলাই থেকে ২৭ জুলাই) বাংলাদেশকে তুলে ধরবে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে বক্তব্য রাখেন ১৬তম রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম শামসুদ্দিন আজাদ। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার কারণে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তার মধ্যে শিক্ষা খাতে ঘাটতি থাকা একটা অন্যতম কারণ। আমাদের কর্মমুখী শিক্ষা দরকার।

বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি প্রফেসর ড. মু. ইদ্রিস আলী বলেন, রসায়ন বিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের সামাজিকতা আছে, মৌলিকতা আছে, মানবিকতা আছে। রসায়ন বাদ দিয়ে আমাদের অস্তিত্ব নেই। দৈনন্দিন জীবনের সকল প্রক্রিয়ায় রসায়নের বিকল্প নেই।

বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. নূ ক ম আকবর  হোসেন বলেন, রসায়নের ব্যপ্তি অনেক বড় এবং আমরা কেউ রসায়নের বাইরে নই। আমরা সবাই রসায়নের সুবিধা গ্রহণ করছি। এই অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা এক একজন রসায়নবিজ্ঞানী হবেন, দেশের এবং বিশ্বের বিভিন্ন সমাধান করার জন্য আত্মনিয়োগ করবেন।

রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের কো-কনভেনর সিনিয়র সাংবাদিক কবি নাজিমুদ্দীন শ্যামল বলেন, রসায়ন একটি মৌলিক বিজ্ঞান। এই মৌলিক বিজ্ঞান ছাড়া বিজ্ঞানচর্চা অসম্পূর্ণ থেকে যায়। তাই রসায়নচর্চায় বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

এতে আরও বক্তব্য দেন প্রফেসর মো. মোসলেহ উদ্দিন, মঞ্জুরুল করিম, সুভাষ চন্দ্র দাশ, মো. জাহাঙ্গীর আলম, বাবুল চন্দ্র নাথ, মো. আবদুল হান্নান, অধ্যাপক মো. নূরুল আনোয়ার ও মো. আবুল হাসেম।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm