দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবিতে জোরালো আন্দোলনের সূচনা হয়েছে। পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ— এই তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটকে ঘিরে দীর্ঘদিনের জনদাবি এবার সংগঠিত রূপ পেল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের মোমিন রোডের একটি রেস্টুরেন্টে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
আনোয়ারা ফাউন্ডেশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমদ শাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মতবিনিময়। এতে বক্তারা বলেন, চামুদরিয়া ঘাটে একটি আধুনিক ওয়াই টাইপ সেতু নির্মিত হলে তিন উপজেলার লাখো মানুষের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি আসবে।
সভায় চট্টগ্রাম-১২, ১৩ ও ১৪ আসনের প্রতিনিধিরা সেতুটির গুরুত্ব তুলে ধরে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এ সময় সর্বসম্মতিতে ‘চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ’ নামে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে রাজনীতিবিদ এম এ হাসেম রাজুকে আহ্বায়ক এবং শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, মো. ইসমাইল হোসেন কন্ট্রাক্টর, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমদ শাহ, আর কে দাশ রুপু, মীর মোহাম্মদ মহিউদ্দিন, উত্তম কুমার আচার্য্য, সুজিত কুমার দাশ, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সাগর মিত্র, মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী কুরাইশী ও সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন।
যুগ্ম সদস্য সচিব এ কে এম আবু ইউসুফ, তাহেরা আক্তার শারমীন, কে এম হেমায়েতুল ইসলাম হেমায়েত, খোরশেদ আলম, সাংবাদিক কাউছার আলম ও পরিমল দত্ত।
এছাড়া কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
সভায় বক্তারা আরও বলেন, এই কমিটি সেতু নির্মাণের দাবিতে গণসংযোগ, জনমত সৃষ্টি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগসহ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমেও এই জনদাবি আদায়ে ভূমিকা রাখবে।
সভা শেষে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়িত হলে শুধু যোগাযোগব্যবস্থাই নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতি ও জীবনযাত্রার মানে আমূল পরিবর্তন হবে বলে স্থানীয়রা মনে করছেন।
কেএ/আলোকিত চট্টগ্রাম
