লোহাগাড়া প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় তিনি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় হয়।
সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, আমি আশা করব লোহাগাড়া প্রেসক্লাব সদস্যরা একে অপরের পরিপূরক হয়ে থাকবে। বিভাগীয় প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবগুলোকে পর্যায়ক্রমে জাতীয় প্রেসক্লাবের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দেশের প্রায় ৩২টি জেলা এবং উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেছি। দেশের সকল প্রেসক্লাবগুলোকে জাতীয় প্রেসক্লাবের আওতায় এনে পেশাগত মানোন্নয়ন, সংবাদকর্মীদের নিরাপত্তা, আর্থিক এবং কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, মফস্বল এলাকায় সাংবাদিকতা করা অনেক কঠিন। সংবাদকর্মীদের অনেক সমস্যা থাকে। অনেক সময় বস্তনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা-মামলার শিকার হতে হয়।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করতে গিয়ে একটি মহল নিরপরাধ সংবাদকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কন্ঠরোধ করার চেষ্টা করছে। এসব বিষয়ে আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।
লোহাগাড়া প্রেসক্লাব সদস্যদের নামে মিথ্যা মামলার বিষয়ে তিনি নিজেই তদারকি করবেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে জাতীয় প্রেসক্লাব লোহাগাড়া প্রেসক্লাবকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি জানান।
লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাদা মিনহাজের তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সাংবাদিক এরশাদ আলম, মোক্তার হোসেন, কাইছার হামিদ তুষার, এহতেশামুল হক রাব্বি, অধ্যাপক আব্দুল খালেক, সাত্তার সিকদার, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, মো. ইউসুফ ও ফাহাদ ইবনে হাশেম।
এসএস/আলোকিত চট্টগ্রাম
