ছাত্রসেনা সভাপতিসহ ২ জন নিহত, মহেশখালী থেকে আসা অটোরিকশা দুমড়েমুচড়ে গেল বাঁশখালীতে

বাঁশখালীতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন ৩ জন।

সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মনছুরিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মহেশখালী উপজেলার বাহাদুর আলম (২৮) ও আবু ছরওয়ার নোমান (৩৪) । আহত তিনজনকে প্রথমে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মৃত জালাল আহমদের ছেলে বাহাদুর আলম এবং একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার আবুল বশরের ছেলে আবু ছরওয়ার নোমান বাড়ি থেকে অটোরিকশায় চট্টগ্রাম যাচ্ছিলেন। বাঁশখালীর মনছুরিয়া বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সামুদ্রিক মাছ বহনকারী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে বাহাদুর আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আবু ছরওয়ার নোমান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

জানা গেছে, নিহত বাহাদুর আলম এক সন্তানের বাবা। অপরদিকে নিহত আবু ছরওয়ার নোমান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm