কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির আগেই ধরা পড়েছে ৫ ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অটোরিকশা।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটকরা ডাকাতরা হলো— আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।
ওসি মো. মনির হোসেন জানান, অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো ছোরা ও একটি ধারালো দা উদ্ধার করা হয়। এর আগে গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় আমান্যার চর ব্রিজ এলাকায় একদল ডাকাতের সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালানো হলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে অটোরিকশাসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করার কথা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চকরিয়া থানা এলাকায় ডাকাতি ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে— বলেন ওসি মনির।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
