৯ বন্ধু বেড়াতে এসেছিল কক্সবাজারে, শুধু ফিরবে না আবির

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (১ জুন) সকালে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফ গার্ড ও বিচ কর্মীরা। এর আগে রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর তিনি নিখোঁজ হয়েছিলেন।

নিখোঁজ আবিরের সন্ধান পাওয়া যুবক জানান, বন্ধুর ভাগিনা নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যাই এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি চালাই। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হয়। সকালের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পাই। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেওয়া হয়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর লাইফগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়। সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয়। একইসঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।

যোগাযোগ করা হলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের দেওয়া হবে।

জানা যায়, আবির পুরান রাজধানী ঢাকার শহীদনগর লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm