আনোয়ারায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ৮টার পর উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আরমান হোসেন আনোয়ারা উপজেলার চাতরী এলাকার মো. হারুনের ছেলে। তিনি ওই শিশুর পাশে একটি বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি ডেকোরেশনের কাজ করেন।
এর আগে শিশুর মা বাদী হয়ে থানায় লিখিত এজহার দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টার দিকে শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সকাল ৯টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে ফিরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে টেনেহিঁচড়ে পাশের এক ব্যক্তির খালি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে শিশুটিকে ঘর থেকে বের করে দেয়।
এদিকে ঘটনাটি জানার পর প্রতিবেশী বাড়ির লোকজন আরমান হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। কার্যক্রম শেষে আরমানকে আদালতে পাঠানো হবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


