প্রাইভেট কার চালক বাবুর কাছে ২ কোটি টাকার ইয়াবা!

বাবু মোল্লা (৪৫), পেশায় প্রাইভেট কার চালক। অতিরিক্ত টাকার লোভে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন তিনি। অবশেষে পড়লেন ধরা। তার কাছে থেকে মিলল ৬৮ হাজার ৩শ পিস ইয়াবা! যার মূল্য ২ কোটি টাকারও বেশি!

রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের চেকপোস্টে ধরা পড়ে বাবু মোল্লা। তিনি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে। একপর্যায়ে সময় কালো রঙের ঢাকা মেট্রো গ ৩৪-৭৬৮৯ প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালাতে থাকে। পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। এরপর গাড়ির ব্যাকঢালার পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিক মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল।

জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার থেকে প্রাইভেট কারে ঢাকায় ইয়াবা পাচারের সংবাদ পেয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করি। এ সময় একটি প্রাইভেট কারের পেছনের বেকডালার ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। ৭টি প্যাকেটে ৬৭ হাজার ৬৮০ পিস এবং আরো ৬২০ পিস ভাঙ্গা ইয়াবা ট্যাবলেটসহ মোট ৬৮ হাজর ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ি চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। এ সময় বাবুর সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা শেষে বাবুকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm