‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফুটবল টিম (বালিকা) ও অন্যান্য টিমের মেডেলজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (১১ মে) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার ও ক্রীড়া সংগঠকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস টিমের সচিব বোরহান উদ্দিন, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, কাবাডি দলের (বালিকা) টিম ম্যানেজার মামুনুল ইসলাম মামুন, ফুটবল দলের (বালিকা) টিম ম্যানেজার আকতারুজ্জামান বাবলু, দাবা দলের ম্যানেজার মফিজুর রহমান, কাবাডি দলের (বালক) টিম ম্যানেজার আলমগীর আলম, ব্যাডমিন্টন দলের ম্যানেজার আবদুল ছালাম, কোচ জাহাঙ্গীর আলম এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, খেলাধুলা জাতির সুস্থ ও শৃঙ্খল প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। পটিয়ার ছেলে-মেয়েরা ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। তাদের এই অর্জন আমাদের গর্বিত করেছে। ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ফুটবল দলের (বালিকা) টিম ম্যানেজার আকতারুজ্জামান বাবলু বলেন, স্বল্প সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। প্রশাসনের এই সম্মাননা তাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে।
গাজী আবু তাহের বলেন, পটিয়ায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে এখান থেকেই জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


