চকরিয়ায় ফারসার মৃত্যু ঘিরে রহস্য

কক্সবাজারের চকরিয়ায় ভাড়া বাসা থেকে ফারসা মুবিন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এ মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

বুধবার (২৩ জুলাই) সকালে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই গৃহবধূ বাসার বিমের সঙ্গে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফারসা মুবিন পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়াখালী এলাকার মো. হোসেনের মেয়ে এবং মগনামা ইউনিয়নের নাজেম উদ্দিনের স্ত্রী। তাদের দেড় বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন : ‘মৃত্যু ঘিরে রহস্য’ চট্টগ্রামের কলেজ শিক্ষক লাশ হলো ঢাকায়, পুলিশের লুকোচুরি

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে ফারসার বিয়ে হয়। কাজের সুবিধার্থে স্ত্রীকে নিয়ে নাজেম পেকুয়া থেকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

প্রতিবেশী নুরুল আলম জানান, মঙ্গলবার সকালে নাজেমের স্ত্রী বাবার বাড়ি যান। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার ফিরে আসেন। পরদিন সকালে চিৎকার শুনে জানতে পারি মৃত্যুর ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, ভাড়া বাসায় প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এমনকি কয়েকবার হাতাহাতিও হয়েছে। তাই আত্মহত্যার পেছনে কোনো রহস্য থাকতে পারে বলে ধারনা তাদের।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm