কনটেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় দুজন লাশ হয়ে গেছে। এর মধ্যে একজন চালক, অন্যজন চালকের সহকারী।
রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন— খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বসু মিয়াপাড়ার আব্দুল মান্নানের ছেলে ড্রাম ট্রাকচালক মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) ৷
আরও পড়ুন : রেললাইনে গল্প, মুহূর্তেই লাশ চট্টগ্রামের ৩ তরুণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মহাসড়কের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ওভারটেক করার সময় কনটেইনারবাহী চলন্ত লরির পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ এ সময় ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন৷
যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপপরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। কনটেইনারবাহী লরির চালক পলাতক।
এএ/আরবি


