মসজিদ-সংলগ্ন ঘরে ঝুলছিল ইমামের মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মাওলানা মোহাম্মদ ইদ্রিস নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ-সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরের দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদ-সংলগ্ন থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাওলানা ইদ্রিসকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এই মৃত্যু রহস্যজনক বলে মন্তব্য করেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুুরুল আজিম।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। সেই কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm