চকরিয়ায় দিনদুপুরে ছুরি মেরে খুন, নেপথ্যে জমির বিরোধ

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ছুরি মেরে খুনের ঘটনা ঘটেছে। সাজ্জাদ হোসেন সুজন (৩৬) নামে এক বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. আরিফ হোসেন (৩৫)। এসময় আহত হন খায়ের উদ্দিন (৪০) নামে এক যুবক।

মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাসিনারমারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরিফ হোসেন একই এলাকার আলতাফ আহমদ চৌধুরীর ছেলে। আহত খায়ের উদ্দিন একই এলাকার কামাল উদ্দিনের ছেলে। ঘাতক সাজ্জাদ হোসেন সুজন একই এলাকার জয়নাল আবেদীন প্রকাশ রাজা মিয়ার ছেলে।

এদিকে ঘাতক সুজনকে একইদিন দুপুর ২টার দিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ধরা পড়ল পুলিশকে ছুরি মেরে পালিয়ে যাওয়া আরিফ, কোমরে বিদেশি পিস্তল

নিহতের ফুফাতো ভাই শাহাদাৎ হোসেন বলেন, আজ সকালে আরিফ ও তার বন্ধু খায়ের হাসিনারমারকাটা বাজারে যায়। বাজার শেষে বাড়ি ফেরার পথে সাজ্জাদ হোসেন সুজন হঠাৎ আরিফ ও খায়েরের বুকে ও পেটে ছুরি মেরে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান আরিফ হোসেন। গুরুতর আহত হন খায়ের উদ্দিন।

শাহাদাৎ আরও বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়ের উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ বলেন, নিহত আরিফ ও ঘাতক সুজনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বেশ কয়েকবার জমির বিরোধ মীমাংসার উদ্যোগ নিলেও সুজন মানতো না। সুজন অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে বুকে ও নাভির পাশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন সুজনকে আটক করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm