কেইপিজেডে বিদেশি বিনিয়োগকারীরা

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।

সোমবার (৭ এপ্রিল) সকালে কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ানের আমন্ত্রণে দলটি কেইপিজেডের পৌঁছে বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে কর্মরত বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় হয়।

কেইপিজেড সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার একর জমির বর্তমানে ৮ শতাধিক একরে ৪৮টি ভবনে ১৫টি কারখানায় উৎপাদন চলছে।

জানা গেছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন–২০২৫’ আয়োজন উপলক্ষে কেইপিজেড পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীরা। আজ সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনের প্রথম দিনেই বিশেষ ফ্লাইটে বিদেশি বিনিয়োগকারীদের একটি দল কেইপিজেড পরিদর্শন করেন।

আরও পড়ুন : কেইপিজেডে যাত্রা শুরু করল শত শয্যার হাসপাতাল

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান জানান, বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বিদেশিদের কাছে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং ব্যবসায়িক সমস্যাগুলোর সমাধান। সম্মেলন শেষে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতির একটি তালিকা তৈরি করা সম্ভব হবে। সেই তালিকার ভিত্তিতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিনিয়োগ কার্যকর করতে পারব।

তিনি আরও জানান, বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল— এই পাঁচটি সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হচ্ছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সম্ভাব্য জয়েন্ট ভেঞ্চারের পথও তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা, উপদেষ্টা, রাজনৈতিক নেতা ও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি সংলাপের সুযোগও রাখা হয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm