ছাত্রদল নেতা মিজান খুন—রিমান্ডে ২ উপজেলা চেয়ারম্যান

ছাত্রদল নেতা মিজানুর রহমান হত্যা মামলায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে তাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিরা উপস্থিত ছিলেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন— চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী এবং পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পেকুয়া যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : চট্টগ্রামে ৩৮ মামলা কাঁধে নিয়ে ঘুরছিল ছাত্রদল নেতা সাইফুল, ধরল বন্দরের পুলিশ

ফজলুল করিম সাঈদীর আইনজীবি ফয়জুল কবির বলেন, ছাত্রদল নেতা মিজান হত্যা মামলায় দুই উপজেলা চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আমরা রিমান্ডের বিরোধিতা করি। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন, ২০১৩ সালের ২৫ অক্টোবর দুপুর তিনটার দিকে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশের কর্মসূচি পালন করার জন্য চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন মিছিল বের করে। মিছিলে ছাত্রদল কর্মী মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। ওইসময় গুলিতে ছাত্রদল নেতা মিজানুর রহমান নিহত হন।

এ ঘটনার পর ছাত্রদল নেতা মিজানের বাবা শাহ আলম বাদী হয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

এদিকে গত বছরের ১৯ ডিসেম্বর ফেনী থেকে র‌্যাবের হাতে আটক হন ফজলুল করিম সাঈদী।

অপরদিকে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সন্দেহভাজন হিসেবে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জাহাঙ্গীর আলমকে পেকুয়ার শিক্ষক মো. আরিফ হত্যা মামলায় আসামি হিসেবে গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জরুল কাদের ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী ও জাহাঙ্গীর আলমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm