হারিয়ে যাওয়া পাসপোর্ট—৩ লাখ টাকা যেভাবে পেল ব্রিটিশ দম্পতি

অটোরিকশায় ফেলে যাওয়া হাতব্যাগ ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করে চট্টগ্রাম নগরে থাকা ব্রিটিশ দম্পতির মুখে হাসি ফুটিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। ওই ব্যাগে ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে ওই হাতব্যাগটি উদ্ধার করে পুলিশ।

এর আগে একইদিন সকাল সাড়ে ১১টায় নগরের জুবিলী রোড হোটেল টাওয়ার ইন থেকে অটোরিকশা নিয়ে লাভলেইন ইস্টার্ন ব্যাংকের সামনে হাতব্যাগটি গাড়িতে রেখে নেমে যান ওই ব্রিটিশ দম্পতি। পরে কোতোয়ালী থানা পুলিশের কাছে ছুটে আসেন এই দম্পতি।

আরও পড়ুন : ল্যাপটপসহ হারিয়ে যাওয়া ব্যাগ ৩ ঘণ্টায় ফিরিয়ে দিল পুলিশ

ব্রিটিশ দম্পতি হলেন— তাফিকা চৌধুরী (৭৬) ও তাঁর স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)।

পুলিশ জানায়, হোটেল টাওয়ার ইন থেকে নগরের লাভলেইন এলাকায় অটোরিকশা থেকে নামার সময় ভুলে তাদের হাতব্যাগটি গাড়িতে রেখে নেমে যান তাফিকা ও ওয়াসিউর। হাতব্যাগে ছিল নিজেদের দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর তারা ব্যাংকে ঢুকেন। ব্যাংকে ঢুকার পর হাতব্যাগটি নেই বুঝতে পেরে দ্রুত বাইরে গিয়ে দেখেন অটোরিকশাটি নেই। পরে তারা বেলা ১২টার দিকে বিষয়টি কোতোয়ালী থানায় অবহিত করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, বিষয়টির জানার পর আশপাশের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় এদিন রাত ৮টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগসহ সকল জিনিসপত্র ওইদিন রাতে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় হারিয়ে যাওয়া জিনিসপত্র অক্ষত অবস্থায় পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm