ইম্পেরিয়াল—পূরবীর সংঘর্ষে নিভে গেল কলেজছাত্রীর জীবনপ্রদীপ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিভে গেল সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর জীবনপ্রদীপ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আরব শাহ, ঘোণারপাড়া জমিদার বাড়ির মাওলানা আরিফুর রহমানের মেয়ে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে থানা পুলিশের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের অপর একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারে নিয়ে যান। ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সায়মুন সিরাজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজনকে আনা হলে সুমাইয়া জান্নাত নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm