সাতকানিয়ায় স্থানীয়দের সহযোগিতায় একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সোমবার (২২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বস্তাবন্দী কচ্ছপটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে অটোরিকশা থামিয়ে চালক একটি দোকানে খাবার খেতে যান। খাবার শেষে অটোরিকশায় উঠার সময় সামনের সিটের পাশে বস্তাবন্দী অবস্থায় একটি কচ্ছপ দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উপজেলার বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাকে খবর দেন। পরে তারা এসে হলুদ পাহাড়ি কচ্ছপটি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
বাজালিয়া ইউনিয়নের সমাজকর্মী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ কচ্ছপ মনে করেছিলাম। পরে বন বিভাগের লোকজনের মাধ্যমে জানতে পারি, এটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর আমরা সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি।
যোগাযোগ করা হলে বড়দুয়ারা বিট ফরেস্ট অফিসের স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি মূলত মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। সাধারণত এরা ডাঙায় বসবাস করে। হলুদ পাহাড়ি কচ্ছপের বৈজ্ঞানিক নাম Indotestudo elongata। উদ্ধারের পরপরই কচ্ছপটি সংরক্ষিত বনাঞ্চলে আবমুক্ত করা হয়।
প্রসঙ্গত, বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের হিসাবে বাংলাদেশে মোট ৩০ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদের মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ হচ্ছে মহাবিপন্ন প্রজাতি। এরা বেশিরভাগ সময় ডাঙাতেই থাকে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
