লুঙ্গির গোছা থেকে অস্ত্র উদ্ধারে করা মামলায় শহিদুল ইসলাম খোকন নামে এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অস্ত্র আইনের ভিন্ন ধারার সাজা একইসঙ্গে চলমান থাকায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এই আসামিকে।
রোববার (৩০ জুন) চট্টগ্রাম ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, শহিদুল ইসলাম খোকন প্রকাশ মো. খোকনকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বলে আদেশ দেন বিচারক।
আরও পড়ুন :১৭ বছরের সাজা এলজি-বুলেট নিয়ে ধরা পড়া যুবকের
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বোয়ালখালী থানা এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত আসামি খোকনের লুঙ্গির গোছা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। এরপর চার্জশিট জমা দেওয়ার পর আদালত চার্জ গঠন করে ১২ জনের সাক্ষ্যের ভিত্তিতে মামলার রায় দেন। এর আগে গ্রেপ্তার আসামি খোকন কারাগারে ছিলেন।
আরএস/আরবি
