সাতকানিয়ায় ঈগল পরিবহনের বাস অপর একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হয়েছেন। ওই অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩ স্বজন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের অল কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম নূর আয়েশা বেগম (৬৫)। তিনি উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়া গ্রামের হাফেজ আহমদের স্ত্রী। স্বজনদের নিয়ে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলমগীরপাড়ায় মেয়ের বাড়ি যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।
অটোরিকশায় থাকা নিহতের বোন আমেনা বেগম বলেন, আমরা সবাই মিলে ভাগ্নির বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। এ সময় চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আমাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার একাংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আমার বোন নূর আয়েশা মারা যান। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন এবং আমার বোনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস,আই) রুহুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


