উদ্বোধনের আগেই বন্ধ এরিস্টোকেয়ার হাসপাতাল

অভিযানে উদ্বোধনের আগেই বন্ধ গেছে এরিস্টোকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নকশা পরিবর্তন, পার্কিং সুবিধার অভাবসহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে নগরের মেহেদীবাগ রোডের এরিস্টোকেয়ার হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল এবং ন্যাশনাল হাসপাতালে এই অভিযান চালায় সিডিএ।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র বলছে, এরিস্টোকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ১০ তলা ভবনের নকশায় ১৯টি পিলার নির্মাণের কথা থাকলেও বাস্তবে নির্মিত হয়েছে ১৭টি পিলার। অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত একটি লিফটও নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, এরিস্টোকেয়ার হাসপাতাল ভবনের বিরুদ্ধে স্থানীয় শহীদ উল্লাহ নামে এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে উচ্চ আদালতে আবেদন করেন। ২০২৫ সালের ৪ জুন তিনি স্টে অর্ডার চেয়ে আবেদন করেন। একই বছরের ২৪ জুন ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। অভিযোগ রয়েছে, আদালতের স্টে অর্ডার উপেক্ষা করেই হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।

এদিকে অভিযোগের সত্যতা পেয়েছে সিডিএ কর্তৃপক্ষ। অভিযান শেষে সিডিএর চিফ ইঞ্জিনিয়ার আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, আমরা বেশকিছু অসঙ্গতি পেয়েছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসব। এরপর সিদান্ত নিব। আপাতত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া একই সময় ন্যাশনাল হাসপাতাল এবং ম্যাক্স হাসপাতালেও অভিযান চালানো হয়। এ সময় এই দুই হাসপাতালে পার্কিং নিয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, এরিস্টোকেয়ার হাসপাতালের ভবনটি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন নিয়ে তৈরি হলেও বর্তমানে সেখানে হাসপাতাল পরিচালিত হচ্ছে। ভবনের নকশায় কিছু ত্রুটি রয়েছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। আগামী সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার মধ্যে হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট সব সিভিল ইঞ্জিনিয়ারকে উপস্থিত থাকতে বলেছি। ভবনটি হাসপাতাল হিসেবে নিরাপদ কিনা, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, অনুমতি দেওয়া হলে নির্দিষ্ট শর্ত মেনে হাসপাতাল পরিচালনা করতে হবে। এর মধ্যে পার্কিং, অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প-সহনশীলতা এবং প্রয়োজনীয় সব সনদ নিশ্চিত করতে হবে, যাতে রোগীদের কোনো অসুবিধা না হয়।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm