বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সফরের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (১ আগস্ট) বিকেলে তিনি ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সম্ভাব্য সফর-সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করেন। প্রশাসনিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ সফরে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে।
এদিকে পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘী মোড়-সংলগ্ন সিএন্ডবি মাঠও পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সবজি বীজ ও শুকনো খাবার বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি ফটিকছড়ি এবং হাটহাজারী উপজেলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি জমিসহ বিভিন্ন অবকাঠামো।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে চট্টগ্রাম সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করতে পারেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সফরসূচি চূড়ান্ত হয়নি।
জেলা প্রশাসক আরও বলেন, সম্ভাব্য সফরকে সামনে রেখে বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্বাসনের প্রয়োজনীয়তা এবং স্থানীয় মানুষের দুর্ভোগের তথ্য মাঠপর্যায়ে সংগ্রহ করা হচ্ছে। সফরের সময় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চলছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ এবং হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী।
আলোকিত চট্টগ্রাম


