পেটের ভেতর ইয়াবা পাচারের সময় আনোয়ারায় ধরা পড়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুই যুবক। তাদের পেট থেকে উদ্ধার করা হয়েছে ৯০ হাজার পিস ইয়াবা!
আটক দুই যুবক হলেন— মো. শাহ আলম (৪৯) ও মো. রফি উল্লাহ (৩৫)।
আনোয়ারার তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় চট্টগ্রামমুখী লেনে রোববার (২ আগস্ট) বিকেলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র্যাব-৭। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে আনোয়ারার তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর অটোরিকশায় তল্লাশি করে দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক তল্লাশির একপর্যায়ে ওই দুই যুবক পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এরপর মলত্যাগের মাধ্যমে মো. শাহ আলম ও মো. রফিউল্লাহর পেট থেকে কয়েক ধাপে ৯০ হাজার পিস ইয়াবা বের করা হয়। ইয়াবাগুলো স্বচ্ছ পলিপ্রপিলিন ব্যাগের ওপর কালো স্কচটেপ মোড়ানো ছিল।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
কেএস/আলোকিত চট্টগ্রাম


