বাস নয় যেন যমদূত—৬ অটোরিকশা দুমড়েমুচড়ে পিষে মারল পলি-ইফাকে

আনোয়ারায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ ১১-০২৯০) দুমড়েমুচড়ে দিয়েছে ছয়টি অটোরিকশাকে। এতে পলি ও ইফা নামে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের মা। অপরদিকে ইফা একই এলাকার শিমুল শীলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়।  এতে অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। দোকানিও আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। আহত বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতালে আনার আগে দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm