কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী বেড়িবাঁধের পাশে সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাকিব ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। স্থানীয়দের ধারনা, দুর্বৃত্তরা তাকে খুন করে সেখানে ফেলে রেখে গেছে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হাজিয়ান এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি খুন না কোনো দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম

