রাজধানীতে আরও দুই পথে মেট্রোরেল, ব্যয়ও বিশাল

রাজধানী ঢাকার দুটি পথে মেট্রোরেল নির্মাণে ব্যয় বাড়ছে দ্বিগুণেরও বেশি! শুরুতে প্রকল্প দুটির ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৯৩ হাজার ৮০০ কোটি টাকা। আর এখন ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি।

দুটি পথের একটি হলো— কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথে মেট্রোরেল নির্মাণ। প্রকল্পটির (এমআরটি লাইন-১) কাজ চলমান। এর একটি অংশ উড়ালপথে নর্দ্দা থেকে পূর্বাচলে যাবে, অর্থাৎ এটি পাতাল ও উড়াল সমন্বয়ে নির্মাণ করা হবে।

অন্যটি হলো— সাভার থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর)। এটিও পাতাল ও উড়ালপথের সমন্বয়ে নির্মিত হবে।

বর্তমানে উত্তরা-মতিঝিল পথে মেট্রোরেল চলাচল করছে। এর সম্প্রসারিত অংশ যাবে কমলাপুর পর্যন্ত। এই অংশের কাজ চলছে। এ পুরো পথে ব্যয় ধরা হয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় ১ হাজার ৫৮৪ কোটি টাকা। প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০১২ সালে।

২০১৯ সালে এমআরটি লাইন-১ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। তবে পরিকল্পনা কমিশনে পাঠানো সংশোধিত প্রকল্প প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় বাড়ছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা। টাকার অঙ্কে এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হতে যাচ্ছে।

লাইন-১ এর অধীন উড়াল ও পাতাল পথে ৩১ কিলোমিটারের বেশি মেট্রোরেল পথ ও ২১টি স্টেশন নির্মিত হবে। বাড়তি ব্যয় অনুমোদন পেলে এই প্রকল্পে প্রতি কিলোমিটার মেট্রোরেলের পেছনে ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৮৬৬ কোটি টাকা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm