আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে আটক ১০

আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আবার কয়েকজনকে মাদকসহ এবং মাদক সেবনের সময় আটক করা হয়েছে।

আটকরা হলো— মো. ফারুক (৪২), মহিদুল হক, মো. সায়েম, দিদারুল আলম, মো. ইদ্রিস (৩৯), আনোয়ারা হোসেন ওরফে মানিক (১৯), বিজয় নাথ (২৮), মো. রুবেল (২৯), মো. আশিক (২৪) ও মো. শরীফ (২৮)।

আটকদের মধ্যে ফারুক বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার বাসিন্দা। মহিদুল হক ও সায়েম পূর্ব হেটিখাইন এলাকার, দিদারুল আলম দক্ষিণ শিলাইগড় এলাকার, ইদ্রিস হাইলধর এলাকার, আনোয়ারা হোসেন ওরফে মানিক পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকার এবং বিজয় নাথ হাইলধর এলাকার বাসিন্দা।

এছাড়া মো. রুবেল হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার, মো. আশিক রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার এবং মো. শরীফ কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা (বর্তমানে তিনি গহিরা ফরিদ কলোনিতে থাকেন)।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদকবিরোধী অভিযানে আমরা ১০ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm