লোহাগাড়ায় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে হঠাৎ অভিযান চালানো হয়েছে। অভিযানে চার গাড়ির ৮ অবৈধ হর্ন জব্দ করা হয়। এছাড়া পৃথক চার মামলায় জরিমানা করা হয়।
২৫ আগস্ট (মঙ্গলবার) উপজেলার আমিরাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে নওগাঁর রক্ষিত চন্দ্র রায়ের ছেলে দ্বিপঙ্কর রায় ড্রাইভারকে ৩ হাজার টাকা, কক্সবাজার চকরিয়ার আবু তাহেরের ছেলে সাইফুল ড্রাইভারকে আড়াই হাজার টাকা, কক্সবাজারের চকরিয়ার আলী হোসেনের ছেলে আব্দুর রহিম ড্রাইভারকে ৩ হাজার টাকা এবং কক্সবাজারের উখিয়ার মৃত লিলু বড়ুয়ার ছেলে সাজু বড়ুয়া ড্রাইভারকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস, গবেষণাগার সহকারী মো. রেজাউল করিমসহ লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও লোহাগাড়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে চার গাড়ির ৮টি অবৈধ হর্ন জব্দসহ প্রত্যেকটি যানবাহনকে পৃথক চার মামলায় জরিমানা করা হয়েছে।
এসএস/আলোকিত চট্টগ্রাম


