প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকা কক্সবাজারের চকরিয়ার সেই শেভরণ হাসপাতালকে এবার জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সদরে অভিযানে নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল মাওয়া লুচি (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন নিহতের স্বজনরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জয়নুল আবেদীন বলেন, রোগীর মৃত্যুর বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম আলাকিত চট্টগ্রামকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


