বোয়ালখালীতে উদ্ধার ৫ গরু কার?

বোয়ালখালীতে একটি ডেইরি ফার্ম থেকে দুটি গরু চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর কালায়হাট এলাকা থেকে পাঁচটি গরু উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালায়হাট বাজারের পাশ থেকে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য কামাল মেম্বারের হেফাজতে গরুগুলো রাখা হয়। তবে উদ্ধার হওয়া গরুগুলোর মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম নগরের এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সুজিত ঘোষ (৫৫)। তিনি বোয়ালখালী উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদ্মার পুকুরপাড় এলাকায় ভাই ইন্দ্রজিৎ ঘোষের জায়গায় ‘সাদিকা মা এন্ড ডেইরি ফার্ম’ নামে একটি গরুর খামার পরিচালনা করে আসছেন। ওই খামারে তাঁর সাতটি গরু ছিল। খামারটি দেখাশোনার দায়িত্বে ছিলেন আজিজুল হক।

গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে খামারে গিয়ে সাতটি গরুর মধ্যে দুটি গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সুজিত ঘোষ। তাঁর অভিযোগ, ২৩ নভেম্বর দিবাগত রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় খামার থেকে দুটি গাভি চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু দুটি কালো-সাদা রঙের এবং প্রতিটির ওজন আনুমানিক ১৬০ কেজি। গরু দুটির মোট আনুমানিক দাম তিন লাখ টাকা।

এ ঘটনায় মো. হোসেন (২২), আজিজুল হক (৩৮) এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেন সুজিত ঘোষ।

খামার মালিক সুজিত ঘোষ বলেন, খামারের দায়িত্বে থাকা মো. হোসেন ও দারোয়ানের ভূমিকা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আজিজুল হক দুটি গরু চুরি করে বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করি। পরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে খামার থেকে আরও পাঁচটি গরু নিয়ে যাওয়ার সময় কালায়হাট বাজারের পাশে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সেগুলো উদ্ধার করে।

তিনি বলেন, আমার খামারের জরুরি কার্যক্রম পরিচালনা এবং গরুগুলোর প্রকৃত মালিকানা নিশ্চিত করতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। একইসঙ্গে গরু চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া গরুগুলো তদন্ত করে আমাকে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

এদিকে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান জানান, উদ্ধার হওয়া গরুর মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণসহ উভয়পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm