শীতের আমেজ শুরু হতেই রাউজানের ঐতিহ্যবাহী দিঘি, পুকুর, নদী ও ফসলি জমিতে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখির কিচিরমিচির শব্দ আর জলকেলিতে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। দূরদূরান্ত থেকে আসা এসব পরিযায়ী পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।
উপজেলার ১৫ নম্বর নোয়াজিশপুর ইউনিয়নের আবদুল অদুদ চৌধুরী সড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক ঈশা খাঁ দিঘিতে এবারও এসেছে হাজারো অতিথি পাখি। বিশাল আয়তনের এই দিঘির পাড়ে গড়ে তোলা নান্দনিক ফলদ বাগান ও শান্ত পরিবেশ পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। দিঘির পশ্চিম পাড়ে নান্দনিক ইউনিয়ন পরিষদ ভবন, উত্তর পাড়ে স্বাস্থ্যকেন্দ্র এবং পূর্ব ও পশ্চিম পাশে কবরস্থান ও শ্মশান থাকায় এলাকাটি বেশ নিরিবিলি।
নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা আবুল বশর জানান, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ পাখিদের বিচরণ দেখে মুগ্ধ হচ্ছেন। স্থানীয়দের পাশাপাশি ফটিকছড়ি, হাটহাজারীসহ আশপাশের উপজেলা থেকেও মানুষ আসছেন পাখি দেখতে।
একই চিত্র দেখা গেছে ৪ নম্বর গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা এলাকার সুলতান নসরত বাদশা দিঘিতে। বিশাল পাকা ঘাট ও চারপাশে কবরস্থানবেষ্টিত নিরিবিলি এই দিঘিতে প্রতি বছরের মতো এবারও আশ্রয় নিয়েছে অসংখ্য পাখি। এছাড়া ৮ নম্বর কদলপুর ইউনিয়নের লস্কর উজির দিঘি, বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়ার পুকুর এবং পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই জলপাইন্যার দিঘিতেও পাখির কলকাকলি বাড়ছে।
শুধু দিঘি বা পুকুর নয়, হালদা ও কর্ণফুলী নদীর জেগে ওঠা চরেও এখন অতিথি পাখির মেলা। বিশেষ করে হালদা নদীর রাউজান অংশের নোয়াপাড়ার ছায়ার চর, হালদার চর এবং মোহনা এলাকায় পাখিরা দল বেঁধে বিচরণ করছে। পাশাপাশি পশ্চিম গুজরার মগদাই ও আবুরখীল, বিনাজুরী এবং চিকদাইর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমিতেও দেখা মিলছে নানা প্রজাতির পরিযায়ী পাখির।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের শুরুতে হাজার মাইল পাড়ি দিয়ে এসব পাখি রাউজানের জলাশয়গুলোতে আসে এবং শীত শেষে আবার নিজ গন্তব্যে ফিরে যায়।
আলোকিত চট্টগ্রাম

