চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন ছাত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চবির বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিজয় ২৪ হলের একটি কক্ষে দরজা বন্ধ করে এক ছাত্রীকে র্যাগিং করেন একই হলের অন্য তিন ছাত্রী। পরে ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান রুমমেটরা।
অভিযুক্ত তিনজন চবির মার্কেটিং, পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ছাত্রী আলোকিত চট্টগ্রামকে বলেন, রাত ১০টার দিকে একজন আমাকে রুম থেকে ডেকে নিয়ে যান। তারা আমার সামনে বড় মাকড়সা ছেড়ে দেন। আমি ভয়ে চিৎকার করতে থাকি। তারা এটা নিয়ে হাসিঠাট্টা করেন এবং অনেক ধরনের টিটকারিমূলক কথাবার্তা বলতে থাকেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে আমি অসুস্থ হয়ে পড়ি এবং চারবার বমি করি। এ অবস্থায় রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।
জানতে চাইলে অভিযুক্ত এক ছাত্রী বলেন, আমরা জাস্ট ফান করেছি। বিষয়টা এতো সিরিয়াস হয়ে যাবে বুঝিনি।
আরেক অভিযুক্ত ছাত্রী বলেন, ওর সাথে আমরা একটু মজা করেছি। কিন্তু ব্যাপারটা এত বড় হবে, অ্যাকচুয়ালি এটা আমরা ধারনাও করতে পারিরি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম বলেন, এ ব্যাপারে দুই পক্ষকেই ডেকেছি। প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের ডাকব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ইএম/আলোকিত চট্টগ্রাম

