কেইপিজেডের ফটকে আনোয়ারা ও কর্ণফুলীর যুবকদের অবস্থান, দাবি ‘চাকরি’

কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন স্থানীয়রা। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়াদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অনেক বেকার যুবক থাকার পরও কেইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় তাঁদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। অথচ দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে।

তাঁদের দাবি, স্থানীয় মানুষের জমি ও এলাকার ওপর গড়ে ওঠা শিল্পকারখানায় প্রথমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে মো. মারুফ বলেন, একটি চাকরির আশায় আমরা বছরের পর বছর ধরে ঘুরছি। অথচ নিজেদের এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্মসংস্থানের অভাবে এলাকার অনেক যুবক হতাশ হয়ে পড়ছে। এ কারণে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। তাই স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm