কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মা ও তার শিশু সন্তান। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের দুইজন নারী ও একজন পুরুষ। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চকরিয়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী বাসের নিচে চাপা পড়ে নিহত হন। আহত দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে ওসি সিফাতুল আলোকিত চট্টগ্রামকে বলেন, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি/আলোকিত চট্টগ্রাম
