উখিয়ার ইনানীতে গ্যাসের আগুনের কারণে ছোট খালের সেতু দিয়ে চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সেতুটির উত্তর পাশের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যেতে এখন তাদের পাড়ি দিতে হচ্ছে ঝুঁকিপূর্ণ পথ। কোথাও দেয়াল টপকে, কোথাও অস্থায়ী মই ব্যবহার করে বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনানী ছোট খালের সেতুর এলজিইডি সড়ক-সংলগ্ন এলাকায় গ্যাসের আগুনের কারণে নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা স্বাভাবিক পথে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না।
অন্যদিকে বিকল্প হিসেবে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করতে গেলেও ছোট শিশুদের জন্য সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত মোটরসাইকেল, পর্যটকবাহী জিপ, অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন ব্যস্ত সড়ক দিয়ে শিশুদের যাতায়ত অভিভাবকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসব কারণে নিরুপায় হয়ে বিকল্প পথ হিসেবে দেয়াল টপকে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিশুদের। দেয়াল পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী মাটিতে পড়ে যাচ্ছে। কেউ ব্যথা পাচ্ছে হাতে, আবার কেউ পা কিংবা কোমরে। এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরে বিদ্যালয়ে যেতে পারছে না অনেক শিক্ষার্থী।
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আসন্ন বার্ষিক পরীক্ষা ঘিরে। আগামী ৩ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু যাতায়তের নিরাপদ ব্যবস্থা না থাকায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও শঙ্কায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ অবস্থায় স্থানীয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাঁদের দাবি, অগ্নিকাণ্ডের স্থানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থীদের নিরাপদে সেতু পারাপারের ব্যবস্থা করা হোক। প্রয়োজনে পুলিশের তত্ত্বাবধানে বিদ্যালয়ে যাওয়া ও ফেরার সময় শিক্ষার্থীদের পারাপার নিশ্চিত করা হোক।
৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে প্রশাসন কী উদ্যোগ নেয়, এখন তা দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আলোকিত চট্টগ্রাম

